শনিবার, ৯ মে, ২০১৫

গ্রেফতার হচ্ছেন খালেদা জিয়া!


যাত্রাবাড়ীতে বাসে পেট্রলবোমা হামলার মামলায় গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) পেলেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ পলাতক ৩১ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ
কার্যালয়ে সাংবাদিকদের এমন তথ্য জানান তিনি।

খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে কিনা সাংবাদিকরা জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, পলাতক’ আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য তদন্ত কর্মকর্তা আদালতে আবেদন জানিয়েছেন।  আদালতের পরোয়ানা পেলেই গ্রেফতারের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অবরোধ ও হরতাল চলাকালে গত ২৩ জানুয়ারি রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে মানুষ হত্যা ও অগ্নিদগ্ধের ঘটনায় যাত্রাবাড়ী থানায় দুটি মামলা হয়।

এর মধ্যে বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা মামলার তদন্ত শেষে গত বুধবার আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।  সেখানে নাশকতার নির্দেশদাতা ও প্রধান পরিকল্পনাকারী হিসেবে বেগম খালেদা জিয়াসহ ৩৮ জনের নাম রয়েছে।

মনিরুল ইসলাম বলেন, এ মামলার এজাহারে অনেক আসামি ছিল।  এর মধ্যে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।  তাদের জবানবন্দি, আদালতে চারজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য, যারা জখম হয়েছিলেন তাদের সাক্ষ্য- সবকিছুর ভিত্তিতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

তিনি বলেন, এ কাজে যারা উস্কানি ও অর্থদাতা হিসেবে কাজ করেছে তাদেরও অভিযোগপত্রে আসামি করা হয়েছে।  খালেদা জিয়াকে ১ নম্বর আসামি করা হয়েছে।  যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে, তাদেরও এ মামলায় অভিযুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, যাত্রাবাড়ীর মাতুয়াইলে কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ করা হয়।  এতে ২৯ জন যাত্রী গুরুতর অগ্নিদগ্ধ হন।  এদের মধ্যে নূরে আলম নামের এক বৃদ্ধ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান।